• Home
  • Trip
  • বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ গাইড: যাতায়াত, খরচ ও দর্শনীয় স্থান

বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ গাইড: যাতায়াত, খরচ ও দর্শনীয় স্থান

বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত পরিচিতি

নৈসর্গিক সৌন্দর্য, পাহাড় ও সমুদ্রের মিতালীতে ভরপুর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সবসময়ই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। চন্দ্রনাথ পাহাড় কিংবা ইকোপার্কের সবুজ পেরিয়ে সম্প্রতি ভ্রমণপিপাসুদের তালিকায় যুক্ত হয়েছে এক নতুন মাত্রা—বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার থেকে সামান্য ভেতরেই অবস্থিত এই সৈকতটি তার অনন্য বৈশিষ্ট্যের জন্য কম সময়েই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এখানকার মূল আকর্ষণ হলো সমুদ্রের বুক চিরে চলে যাওয়া প্রায় আধা কিলোমিটার দীর্ঘ একটি জেটি বা বাঁধ, যার ওপর দিয়ে হেঁটে সরাসরি সমুদ্রের গভীরে চলে যাওয়া যায়। যদিও গুগল ম্যাপে একে খাল হিসেবে দেখানো হয়, তবুও এর বিশাল ঢেউ আর লোনা পানির ছোঁয়া আপনাকে পুরোপুরি সমুদ্রের আমেজ দেবে। চারপাশের ঝাউবন ও নতুন জেগে ওঠা বালুচর এই স্থানটিকে করেছে আরও মোহনীয়।

দর্শনীয় দিক ও আকষণ

বাঁশবাড়িয়া সৈকতে গেলে আপনি যেসব বিষয়ের দারুণ অভিজ্ঞতা পাবেন:

  • সমুদ্রের বুকে হাঁটার জেটি: প্রায় ৫০০ মিটারেরও বেশি লম্বা এই জেটি দিয়ে হেঁটে যাওয়ার সময় দুইপাশে ঢেউয়ের খেলা দেখতে চমৎকার লাগে।
  • ঝাউ বাগান: সৈকতের চারপাশের সারি সারি ঝাউগাছ ঘেরা পরিবেশ শীতল ছায়া ও মনোরম অনুভূতির সৃষ্টি করে।
  • বিশাল বালুচর: নতুন জেগে ওঠা বিশাল বালিকার চরে প্রিয়জনদের সাথে সময় কাটানো বা ছবি তোলার জন্য এটি আদর্শ জায়গা।
  • সূর্যাস্ত: বিকেলবেলা বাঁশবাড়িয়া থেকে সমুদ্রের বুকে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য এককথায় অসাধারণ।

কীভাবে যাবেন ও যাতায়াত খরচ

ঢাকা বা দেশের যেকোনো প্রান্ত থেকে বাঁশবাড়িয়া যেতে হলে প্রথমে আপনাকে চট্টগ্রামমুখী বা সীতাকুণ্ডগামী বাসে উঠতে হবে।

  • ঢাকা থেকে: ঢাকার সায়েদাবাদ, ফকিরাপুল বা মহাখালী থেকে সীতাকুণ্ড বা চট্টগ্রামগামী বাসে (নন-এসি/এসি) চড়ে সরাসরি বাঁশবাড়িয়া বাজার বা সীতাকুণ্ড নামতে পারেন। ভাড়া পড়বে ৫০০ থেকে ১২০০ টাকার মধ্যে। এছাড়া ট্রেনে সীতাকুণ্ড নেমেও যাওয়া যায়।
  • চট্টগ্রাম শহর থেকে: অলংকার মোড় থেকে সীতাকুণ্ডগামী লোকাল বাস বা টেম্পুতে বাঁশবাড়িয়া বাজারে নামতে হবে (ভাড়া ৩০-৪০ টাকা)।
  • বাঁশবাড়িয়া বাজার থেকে সিএনজি নিয়ে সরাসরি বেড়িবাঁধ বা সমুদ্র সৈকতে যাওয়া যায়। জনপ্রতি সিএনজি ভাড়া ২০ টাকা। আর যদি পুরো সিএনজি রিজার্ভ নেন, তবে ৩০০ টাকার মতো পড়বে, যা আপনাকে একদম বাঁধের শেষ মাথা পর্যন্ত পৌঁছে দেবে।

কোথায় থাকবেন (হোটেল গাইড)

বাঁশবাড়িয়া সৈকতের আশেপাশে বা সীতাকুণ্ড বাজারে সাধারণ মানের কিছু হোটেল রয়েছে (যেমন- হোটেল সাইমুন)। তবে আপনি যদি স্বাচ্ছন্দ্যে ও পরিবার নিয়ে ভালোমানের হোটেলে থাকতে চান, তবে চট্টগ্রাম শহরে ফিরে আসাই শ্রেয়। নিচে কয়েকটি বাজেট ও মানসম্মত হোটেলের তালিকা দেওয়া হলো:

  • হোটেল প্যারামাউন্ট: নতুন ট্রেন স্টেশনের বিপরীতে অবস্থিত। বাজেট অনুযায়ী সেরা। নন-এসি রুম ৮০০-১৩০০ টাকা, এসি রুম ১৪০০-১৮০০ টাকা। (যোগাযোগ: ০৩১-২৮৫৬৭৭১)
  • হোটেল এশিয়ান এসআর: স্টেশন রোড, চট্টগ্রাম। পরিচ্ছন্ন ও ছিমছাম পরিবেশ। নন-এসি ১০০০ টাকা, এসি ১৭২৫ টাকা। (যোগাযোগ: ০৭১১১-৮৮৯৫৫৫)
  • হোটেল সাফিনা: এনায়েত বাজার, চট্টগ্রাম। পারিবারিক পরিবেশের মাঝারি মানের হোটেল, ছাদে দারুণ রেস্টুরেন্ট আছে। ভাড়া ৭০০-১৩০০ টাকা। (যোগাযোগ: ০৩১-০৬১৪০০৪)
  • হোটেল নাবা ইন: ও.আর নিজাম রোড, চট্টগ্রাম। একটু বেশি বাজেটের (২৫০০-৩০০০ টাকা) আধুনিক হোটেল। (যোগাযোগ: ০১৭৫৫ ৫৬৪৩৮২)

ভ্রমণ টিপস

বাঁশবাড়িয়া সৈকতে ভ্রমণের সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত:

  • জেটি দিয়ে হাঁটার সময় সাবধান থাকুন, কারণ অনেক সময় জোয়ারের পানিতে পিচ্ছিল হয়ে যায়।
  • খাওয়ার জন্য বাঁশবাড়িয়া বাজারে সাধারণ মানের খাবার হোটেল পাবেন, তবে ভালো মানের খাবারের জন্য সীতাকুণ্ড বাজার বা চট্টগ্রাম শহরে যাওয়া ভালো।
  • সন্ধ্যা নামার আগেই সৈকত এলাকা ত্যাগ করা নিরাপদ।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

প্রশ্ন ১: বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত যেতে কত খরচ হতে পারে?
উত্তর: চট্টগ্রাম শহর থেকে গেলে যাতায়াত বাবদ যাতায়াতে ২০০-৩০০ টাকার মতো খরচ হবে। আর ঢাকা থেকে আসা-যাওয়া ও খাওয়া সহ জনপ্রতি ১,৫০০ থেকে ২,০০০ টাকার মধ্যে ঘুরে আসা সম্ভব।

প্রশ্ন ২: এখানে কি সাঁতার কাটা নিরাপদ?
উত্তর: বাঁশবাড়িয়া সৈকতে স্রোত ও ঢেউয়ের তীব্রতা বেশি থাকে, তাই নিরাপত্তা রক্ষী না থাকায় গভীর পানিতে সাঁতার কাটা থেকে বিরত থাকাই ভালো।

প্রশ্ন ৩: পরিবার নিয়ে যাওয়ার জন্য কি উপযুক্ত?
উত্তর: হ্যাঁ, পরিবার নিয়ে ঘোরার জন্য এটি চমৎকার একটি জায়গা, তবে বিকালের দিকে পর্যটকদের ভিড় একটু বেশি হয়।

0
0
অর্ডার লিস্ট
কার্টে কিছু নেইআবার অর্ডার করুন